পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনধারার পটভূমিতে তৈরি হতে যাচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার রাজধানীর একটি ক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমার কাজ শুরু হলো। প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।
\r\nজাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য, ভাষা ও সম্পর্কের গল্প। মহরতের আয়োজনও ছিল চোখে পড়ার মতো; সেট সাজানো হয়েছিল পুরান ঢাকার আবহে এবং বুবলীর ঘোড়ার গাড়িতে আগমন ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।
\r\nমহরতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বুবলীর কাছে শাকিব খানের সঙ্গে কাজের প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। তিনি কৌশলে এই প্রশ্ন এড়িয়ে যান এবং বলেন, “শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের প্রিয়। আমরা সবাই আলাদাভাবে কাজ করি এবং দর্শক সেটাও গ্রহণ করেন।”
\r\nছবিতে আদর আজাদ ও বুবলীর সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রযোজনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।





